যশোরের বাঘারপাড়ায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। একই সঙ্গে উপজেলা প্রশাসনের উদ্যোগেও আলোচনা সভার আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে বাঘারপাড়া চৌরাস্তায় উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষক দলের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টি. এস. আইয়ুব।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, আনিসুর রহমান, খন্দকার মেহেদী হাসান, হাবিবুর রহমান, যুবদল নেতা হিরু আহমেদ, সেলিম রেজা ও ছাত্রদল নেতা পারভেজ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের স্বার্থে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বাঘারপাড়া চৌরাস্তা ও আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। র্যালিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অন্যদিকে, দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার।
সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান মিশু, বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অরুপ জ্যোতি ঘোষ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান ও শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে দিবসটির তাৎপর্য আলোচনা করেন।