খাগড়াছড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। শনিবার (৭ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে জেলা সদরে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বাসটির বেশিরভাগ অংশ ছাই হয়ে যায়।
বিআরটিসি টিকিট কাউন্টারের টিকিট বিক্রেতা বিদ্যুৎ চাকমা জানান, ভোর ৪টার দিকে মোবাইলে বাসে আগুন লাগার খবর পেয়ে তিনি দ্রুত সেখানে যান এবং দেখতে পান বাসটি প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ভোর ৪টা ২৫ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার অভিযোগ করে বলেন, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে সংঘবদ্ধ কোনো গোষ্ঠী বা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা নাশকতামূলকভাবে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু বলেন, "দুর্ঘটনার সময় গাড়িটির চালক ভেতরেই ঘুমাচ্ছিলেন। হঠাৎ অতিরিক্ত তাপ অনুভব করায় তার ঘুম ভেঙে যায় এবং তিনি দ্রুত বের হয়ে আসেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"