নরসিংদীতে পরিবারের নারী সদস্যদের জিম্মি ও বাধ্য করে পর্নোগ্রাফি ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোসাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক গিয়াস উদ্দিন গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ঘোনপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে।

পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গিয়াস উদ্দিন নরসিংদীর মাধবদী থানার ভগীরথপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে নিজ স্ত্রী, মেয়ে, শালি এবং ভাগ্নির আপত্তিকর ও নগ্ন ভিডিও তৈরি করতেন। পরবর্তীতে এসব অশ্লীল ভিডিও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিভিন্ন আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রি করতেন তিনি। তার ব্যাংক অ্যাকাউন্টেও সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়াতে সম্প্রতি গিয়াস উদ্দিন পরিবার নিয়ে মাধবদীর ভগীরথপুর এলাকা ছেড়ে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পাইকসা এলাকায় চলে যাওয়ার পরিকল্পনা করেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার পাইকসা এলাকার মঞ্জুর মোর্শেদ লিটনের একটি নবনির্মিত ভবনে তারা নতুন ভাড়াটিয়া হিসেবে ওঠেন।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা দল পরিবারটির মালামাল বহনকারী গাড়িটির ওপর নজরদারি শুরু করে। পরবর্তীতে পলাশ থানা-পুলিশের একটি দল দ্রুত অভিযান চালিয়ে চক্রের মূল হোতা গিয়াস উদ্দিনকে আটক করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, পর্নোগ্রাফি চক্রের মূলহোতা গিয়াস উদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় বাসাটি থেকে পর্নোগ্রাফি তৈরির নানা আলামত জব্দ করা হয়েছে। এ চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।