মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের বিক্ষোভ ও পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষের ঘটনার পর অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের অন্তত অর্ধশতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্তপুর এলাকা জুড়ে এই উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। সংঘাতের ঘটনায় ৩ জন পুলিশ সদস্য ও শ্রমিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিশ্চিন্তপুর এলাকার 'নিউ এইজ' পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। এর প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে আশপাশের হা-মীম, এনভয়, লাইন, ভার্চুয়াল, নেক্সট কালেকশন ও স্টারলিং স্টাইলসসহ একাধিক কারখানা ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকরা সড়কে অবস্থান নিলে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেডইউনিয়ন কেন্দ্রের নেতৃবৃন্দ পুলিশের অনাবশ্যক বলপ্রয়োগের অভিযোগ করেছেন। অন্যদিকে, শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকরা কারখানায় ভাঙচুর ও সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ব্যবহার করে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।