ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৮নং বড়বাড়ী ইউনিয়নে ভিডাব্লিউবি (VWB) প্রকল্পের আওতায় কার্ডধারী মহিলাদের নিয়ে মা ও শিশু স্বাস্থ্য এবং খাদ্য পুষ্টি বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আরবান এনজিওর সার্বিক ব্যবস্থাপনায় এই কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মো. খাদেমুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি ও প্রোগ্রাম কোর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন মো. দবিরুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে ভিডাব্লিউবি প্রকল্পের সুবিধাভোগী মায়েরা যাতে গর্ভকালীন ও প্রসূতি সময়ে সঠিক পুষ্টিকর খাবার গ্রহণ করেন এবং শিশুর প্রথম ১০০০ দিনে সঠিক পরিচর্যা নিশ্চিত করতে পারেন, সে বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। এছাড়া স্বাস্থ্যসম্মত জীবনযাপন এবং বিভিন্ন পুষ্টিহীনতা রোধে সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বড়বাড়ী ইউনিয়নের ভিডাব্লিউবি প্রকল্পের কার্ডধারী নারী সুবিধাভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।