চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মশাল মিছিল করেছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে উপজেলার শাকপুরা এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। পরবর্তীতে মিছিলটির ১ মিনিট ১৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

‘মোহাম্মদ ইফতু’ নামের একটি ফেসবুক পেজ থেকে আপলোড করা ওই ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন যুবক হাতে জ্বলন্ত মশাল নিয়ে মিছিল করছেন এবং সরকারবিরোধী নানা স্লোগান দিচ্ছেন। ফেসবুকে পোস্ট করা তথ্যে দাবি করা হয়, গত ৫ আগস্টের পর বোয়ালখালী যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে এটি প্রথম কোনো কর্মসূচি বা মশাল মিছিল।

এদিকে রাজনৈতিক অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা ও জানমালের ক্ষতি এড়াতে দিনভর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থান ও টহল জোরদার করে পুলিশ। অপরদিকে, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে সন্ধ্যায় ‘বোয়ালখালীর বিপ্লবী দেশপ্রেমিক ছাত্র-জনতা’র ব্যানারে একটি প্রতিবাদী মোটরসাইকেল মহড়া বের করা হয়।

ঘটনার সত্যতা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের দৃষ্টিগোচর হয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।