স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাম্প্রতিক একটি বক্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঠিকাদারের লভ্যাংশ থেকে প্রকৌশলীকে উপহার দেওয়াকে ‘ঘুষ নয়’ এবং তা গ্রহণ করা যায় মর্মে প্রতিমন্ত্রীর দেওয়া মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের বলেন, সরকারি দায়িত্ব পালনের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে প্রকৌশলীদের উপহার গ্রহণের পক্ষে প্রতিমন্ত্রীর এমন বক্তব্য অত্যন্ত অনভিপ্রেত, দায়িত্বজ্ঞানহীন ও দুর্নীতিকে উৎসাহিত করার শামিল। উপহারের আড়ালে এ ধরনের লেনদেন আসলে ঘুষ ও দুর্নীতিরই একটি ভিন্ন রূপ। সরকারি ক্রয় ও উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। কিন্তু একজন দায়িত্বশীল প্রতিমন্ত্রীর এমন বক্তব্য সরকারের দুর্নীতিবিরোধী অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করছে এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অনৈতিক কর্মকাণ্ডের প্রবণতা বাড়াতে পারে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান আপসহীন হওয়া উচিত এবং উপহারের নামে অবৈধ সুবিধা গ্রহণের কোনো সুযোগ নেই। প্রতিমন্ত্রীর বক্তব্যের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করতে হবে এবং দুর্নীতিকে বৈধতা দেওয়ার অপচেষ্টা বন্ধ করতে হবে। বিবৃতিতে বিগত সময়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের একটি মন্তব্যের প্রসঙ্গ টেনে জুবায়ের বলেন, এর আগে গত ১৯ ফেব্রুয়ারি মন্ত্রী সড়কে যানবাহন থেকে সমঝোতার ভিত্তিতে নেওয়া টাকাকে ‘চাঁদা নয়’ বলে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন।

দায়িত্বশীল ব্যক্তিদের এমন লাগামছাড়া বক্তব্য ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজিকে উৎসাহিত করবে উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত প্রত্যেক ব্যক্তিকে সততা, নৈতিকতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠায় সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।