শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে নাটোরের গ্রামাঞ্চলে শুরু হয়েছে খেজুরগাছ প্রস্তুতের নানা কর্মযজ্ঞ। গাছ পরিষ্কার, ডালপালা ছাঁটাই ও রস সংগ্রহের উপযোগী করে তুলতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। শীত মৌসুমকে ঘিরে জেলার বিভিন্ন এলাকায় রস সংগ্রহ ও গুড় তৈরির ব্যাপক প্রস্তুতি চলছে। চলতি মৌসুমে নাটোরে প্রায় ৭ হাজার মেট্রিক টন খেজুরের গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার সম্ভাব্য বাজারমূল্য অন্তত ১১০ কোটি টাকা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নাটোর জেলায় মোট ৪ লাখ ১৮ হাজার খেজুরগাছ রয়েছে। এর মধ্যে রস সংগ্রহের উপযোগী গাছ রয়েছে ৩ লাখ ২০ হাজার। এসব গাছ থেকে চলতি মৌসুমে প্রায় ৭ হাজার মেট্রিক টন গুড় উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। এই অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জেলার প্রায় ১০ হাজার মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। উল্লেখ্য, গত মৌসুমে জেলায় প্রায় ১০০ কোটি টাকার খেজুরের গুড় উৎপাদিত হয়েছিল।
জেলার সব উপজেলায় কমবেশি খেজুরের গুড় উৎপাদিত হলেও উৎপাদনের দিক থেকে শীর্ষে রয়েছে লালপুর উপজেলা। এই উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রায় ৩ লাখ ১৪ হাজার ৫০০ খেজুরগাছ রয়েছে, যেখান থেকে এবার প্রায় ৫ হাজার ৮০ মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। রস সংগ্রহ ও গুড় তৈরির সঙ্গে উপজেলার প্রায় ৩ হাজার পরিবার সরাসরি যুক্ত। এ ছাড়া গুড় উৎপাদনে বড়াইগ্রাম উপজেলাও উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে।
সদর উপজেলার ধলাট গ্রামের গাছি দুখা জানান, প্রতিবছর শীত মৌসুমে তিনি খেজুরগাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করেন। ৫০ থেকে ৬০টি গাছ থেকে প্রতিদিন প্রায় ৩০ থেকে ৪০ কেজি গুড় উৎপাদন করা সম্ভব হয়। শীত মৌসুমে চাহিদা বেশি থাকায় এবারও ভালো বিক্রির আশা করছেন তিনি।
বড়াইগ্রাম উপজেলার কান্তনগর এলাকার আমজাদ আলী বলেন, খেজুরের গুড় তৈরি ও বিক্রি করেই তার সংসার চলে। এবার তিনি প্রায় ১২০টি গাছ প্রস্তুত করেছেন।
লালপুরের মোজাফফর হোসেন জানান, এ অঞ্চলের খেজুরের গুড় স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করা হয়। অনেক সময় পাটালি গুড় দেশের বাইরেও পাঠানো হয়। তবে উৎপাদন খরচ ও শ্রমের তুলনায় গুড়ের দাম আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করেন তিনি।
নিরাপদ ও ভেজালমুক্ত গুড় উৎপাদনে মাঠপর্যায়ে কৃষি বিভাগের কর্মীরা গাছি ও উদ্যোক্তাদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোরের উপপরিচালক কৃষিবিদ মো. হাবিবুল ইসলাম খান বলেন, খেজুরের রস ও গুড় মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং এটিকে কেন্দ্র করে প্রতিবছর জেলার প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে। বিশেষ করে অনলাইনভিত্তিক উদ্যোক্তাদেরও ভেজালমুক্ত গুড় উৎপাদন ও বিপণনের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। নিরাপদ গুড় উৎপাদন এবং বিপণনব্যবস্থার মানোন্নয়নে কৃষি বিভাগের পক্ষ থেকে এই সহযোগিতা অব্যাহত থাকবে।