কুড়িগ্রামের রৌমারীতে গরুবোঝাই নসিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফেরদৌস রহমান (৪৭) নামের এক ব্যাংককর্মী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার যাদুরচর ইউনিয়নের বাইমমারী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ফেরদৌস রহমান চিলমারী উপজেলার নয়ারহাট গ্রামীণ ব্যাংকে কর্মরত ছিলেন। তার পৈতৃক নিবাস বগুড়া জেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ফেরদৌস রহমান মোটরসাইকেলে করে নিজ জেলা বগুড়ার উদ্দেশে যাচ্ছিলেন। পথে বাইমমারী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গরুবোঝাই নসিমনের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।