খাবার পরিবেশনে বিলম্ব হওয়ার জেরে রাজধানীর মহাখালীতে ‘দূরবীন বাংলা’ নামের একটি রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুর চালিয়েছেন সরকারি তিতুমীর কলেজের একদল শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থী ওই রেস্তোরাঁয় খাবার অর্ডার করেন। নির্ধারিত সময়ে খাবার পরিবেশন না করায় রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রেস্তোরাঁর ম্যানেজারকে লাঞ্ছিত করা হয় এবং উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এই ঘটনার কিছুক্ষণ পর ওই কলেজের আরও বেশ কিছু শিক্ষার্থী লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সেখানে জড়ো হন এবং রেস্তোরাঁর ভেতরে ঢুকে হামলা ও ব্যাপক ভাঙচুর চালান। এ সময় রেস্তোরাঁর আসবাবপত্রসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হলে ভেতরে উপস্থিত সাধারণ ক্রেতাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ভাঙচুরের এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, খাবার অর্ডারকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে রেস্তোরাঁ কর্তৃপক্ষের ঝগড়া ও হাতাহাতির জেরে শিক্ষার্থীরা আরও সহপাঠীদের ডেকে এনে রেস্তোরাঁটিতে ভাঙচুর চালান।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত রেস্তোরাঁ কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। তবে পুলিশ পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।