সব ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর মানুষকে সমমর্যাদা দিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চায় বিএনপি। এ লক্ষ্যে দলের মূলধারার রাজনীতি ও অঙ্গসংগঠনগুলোতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃগোষ্ঠীবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার।

শুক্রবার (১৩ নভেম্বর) চট্টগ্রাম জেলা পরিষদের সম্মেলন কক্ষে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগরের নেতাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজন কান্তি সরকার বলেন, "আমরা সবাই বাংলাদেশি। আমাদের চিন্তায় সবার আগে বাংলাদেশ। ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই মূল্যবোধ ধারণ করেই সবাইকে নিয়ে দেশ গড়তে হবে।"

তিনি আরও বলেন, বিএনপির রাজনীতিতে সব ধর্মের মানুষের মূল্যবোধ ও মর্যাদাকে গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রীও বিভিন্ন ধর্মীয় ও জাতিগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে তাঁদের কথা শুনছেন। গত ১৭ বছর প্রতিকূল পরিস্থিতির কারণে অনেকে সাংগঠনিকভাবে সক্রিয় থাকতে পারেননি। এখন তৃণমূল পর্যায়ে গিয়ে নতুন নেতৃত্ব ও কর্মীদের খুঁজে বের করতে হবে এবং ত্যাগীদের সম্মান অক্ষুণ্ন রেখে যোগ্যতা ও অবদানের ভিত্তিতে সবাইকে মূল্যায়ন করতে হবে।

সংগঠনের অভ্যন্তরীণ বিরোধ প্রসঙ্গে তিনি বলেন, মতপার্থক্য ও প্রতিযোগিতা যেকোনো সংগঠনের অংশ হলেও তা যেন পারস্পরিক অসম্মান বা বিভেদের কারণ না হয়। আলোচনা ও অভিজ্ঞ নেতাদের পরামর্শের মাধ্যমে সব বিরোধ মিটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেন, সংগঠন শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলতে হবে এবং ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি ও গ্রুপিং পরিহার করতে হবে। সনাতন, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায়ের আগ্রহী মানুষদের দলে স্বাগত জানিয়ে সাংগঠনিক দায়িত্ব দিতে হবে। সংগঠন ঐক্যবদ্ধ ও শক্তিশালী হলে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত আরও শক্তিশালী হবে।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, শুধু সভা-সমাবেশ করলেই সংগঠন শক্তিশালী হয় না, তৃণমূল পর্যায়ে সংগঠনকে সুসংগঠিত করতে হবে। দায়িত্বপ্রাপ্ত নেতাদের ঘরে বসে না থেকে মাঠপর্যায়ে সক্রিয়ভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য বিপ্লব চৌধুরী বিল্লুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুশীল বড়ুয়া, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব ধর তমাল, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব পার্থ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অর্জুন কুমার নাথ ও বিশ্বজিৎ দত্ত বাবু।

এ ছাড়া সভায় চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।