তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে কারখানা বন্ধ না করে শ্রমিকদের জন্য যৌক্তিক মজুরি নির্ধারণের আহ্বান জানিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন। একই সঙ্গে আন্দোলনে গ্রেপ্তারকৃত ট্রেড ইউনিয়ন কর্মী ও শ্রমিকদের নিঃশর্ত মুক্তি, তাঁদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং আহতদের সুচিকিৎসার দাবি জানানো হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে তৈরি পোশাকশিল্পের বর্তমান শ্রম পরিস্থিতির প্রেক্ষাপটে গার্মেন্টস শ্রমিক সংগঠনগুলোর এক যৌথ সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি মীর আবুল কালাম আজাদ।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দ্রব্যমূল্য ও বাড়িভাড়াসহ জীবনযাত্রার ব্যয়ের অসহনীয় চাপের কারণে পোশাক শ্রমিকরা দীর্ঘদিন ধরে মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। শ্রমিকদের দাবির প্রেক্ষিতে সর্বশেষ শ্রম আইন সংশোধনীতে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছরের পরিবর্তে তিন বছর করা হয়েছে এবং ২০২৪ সালের ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে বার্ষিক ইনক্রিমেন্ট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৯ শতাংশ করা হয়। তবে জীবনযাত্রার ব্যয়ের তুলনায় এই বৃদ্ধি ছিল খুবই সামান্য।

তিন বছরের মাথায় নতুন মজুরি বোর্ড গঠন এবং বোর্ডে শ্রমিক প্রতিনিধি নির্বাচনে শ্রমিক সংগঠনগুলোর মতামতকে গুরুত্ব দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান শ্রমিক নেতারা। তাঁরা আশা প্রকাশ করেন, জীবনযাত্রার বর্তমান ব্যয় এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোসহ (বিবিএস) বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণার ভিত্তিতে মজুরি বোর্ড একটি যৌক্তিক মজুরি সুপারিশ করবে, যা সরকারি ঘোষণা অনুযায়ী আগামী ডিসেম্বর থেকেই কার্যকর হবে।

শুধু মজুরি বৃদ্ধিই সব সমস্যার সমাধান নয় উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, বাড়িভাড়া নিয়ন্ত্রণ, নিরাপদ আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও যাতায়াত সুবিধার মতো মৌলিক বিষয়গুলোর স্থায়ী সমাধান প্রয়োজন। দ্বিপাক্ষিক ও ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে কারখানার ভেতরের ও বাইরের সমস্যাগুলো দ্রুত সমাধানের তাগিদ দেওয়া হয়।

কারখানা বন্ধের বিষয়ে সতর্ক করে মীর আবুল কালাম আজাদ বলেন, কারখানা বন্ধ করা কোনো সমাধান নয়, বরং এতে শ্রমিকদের মধ্যে অনিশ্চয়তা ও অসন্তোষ আরও বাড়বে। বিভিন্নভাবে রাজনৈতিক ও ব্যবসায়িক উসকানি দেওয়ার তথ্য পাওয়া যাচ্ছে উল্লেখ করে তিনি শ্রমিকদের ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার এবং কোনো স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় পা না দেওয়ার আহ্বান জানান।

আন্দোলনে গ্রেপ্তার ও হয়রানির শিকার শ্রমিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, প্রকৃতপক্ষে কোনো শ্রমিক কারখানা ভাঙচুরে জড়িত নন; তবে কেউ সুনির্দিষ্টভাবে ভাঙচুরে জড়িত থাকলে সরকার তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে পারে।

নভেম্বর ও ডিসেম্বর মাস তৈরি পোশাকশিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে শ্রমিক নেতারা বলেন, এই সময়ে উৎপাদন ব্যাহত হলে পুরো শিল্পের অপূরণীয় ক্ষতি হবে, যার ওপর প্রায় ৪০ লাখ শ্রমিকের জীবন-জীবিকা নির্ভরশীল। তাই কারখানার উৎপাদন স্বাভাবিক রাখতে শ্রমিকদের সতর্ক থাকার এবং মালিকপক্ষকে শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সম্মান জানিয়ে যৌক্তিক মজুরি নির্ধারণে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

যৌথ এই সংবাদ সম্মেলনের আয়োজক সংগঠনগুলোর মধ্যে ছিল ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি), গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ (জিস্কপ), গার্মেন্টস শ্রমিক শিল্প রক্ষা জাতীয় মঞ্চ, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ ও গার্মেন্টস শ্রমিক পরিষদসহ আরও কয়েকটি সংগঠন।