বাংলাদেশ সেনাবাহিনীতে কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে প্রেষণে বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে এসব রদবদল করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে প্রেষণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। অন্যদিকে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে সেনাবাহিনীতে ফিরিয়ে এনে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়। পরবর্তীতে তাকে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট পদে পদায়ন করা হয়েছে। এছাড়া বিপসটের বর্তমান কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসেইন মুহাম্মদ মসিহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক করা হয়েছে।
অন্যদিকে, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. হাফিজুর রহমানকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগদানের জন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়ে ৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসান ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন। আর ন্যাশনাল ডিফেন্স কলেজে দায়িত্বরত মেজর জেনারেল সাজেদুর রহমানকে ৭ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। পাশাপাশি মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকে প্রেষণে রাষ্ট্রদূত নিয়োগ দিতে তার চাকরিও পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
সেনাবাহিনীর পদোন্নতির ক্ষেত্রে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) ব্রিগেডিয়ার জেনারেল আবদুল বাতেন ইমানি এবং একই দপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল মোজাম্মেল হোসেনকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর আবদুল বাতেন ইমানিকে ১১ পদাতিক ডিভিশনের জিওসি এবং মোজাম্মেল হোসেনকে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এছাড়া ব্রিগেডিয়ার জেনারেল রাজু আহমেদকে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে ন্যাশনাল ডিফেন্স কলেজে বদলি করা হয়েছে।
প্রেষণে অন্যান্য দপ্তরে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে মেজর মোহাম্মদ কামরুল হাসানকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (মেডিকেল) পদে এবং লেফটেন্যান্ট কর্নেল মো. তাওহীদ ইব্রাহীমকে বাংলাদেশ ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই পদে দায়িত্ব পালন করা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া লেফটেন্যান্ট কর্নেল আবুল বাশার তুহীনকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে এবং পূর্বের দায়িত্বে থাকা লেফটেন্যান্ট কর্নেল মো. হুমায়ুন কবিরকে সেনাবাহিনীতে ফেরত আনা হয়েছে।
এর বাইরে বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার মো. মাসুম ইমতিয়াজকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) প্রশিক্ষক (সহকারী ইঞ্জিনিয়ার) পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে এবং এই পদে থাকা স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল ইসলাম হৃদয়কে বিমানবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।