রাজধানীর হাতিরঝিলে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হাতিরঝিল থানার ওয়াপদা রোডে ‘স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজি’র কার্যালয়ে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুজন হলেন হাবিবুর রহমান (২৬) ও সাজু আহমেদ (২৯)। তারা দুজনই ওই প্রতিষ্ঠানের নেটওয়ার্ক কর্মচারী হিসেবে কর্মরত।
প্রতিষ্ঠানটির ম্যানেজার পলাশ জানান, সন্ধ্যা ৭টার দিকে চারজন দুর্বৃত্ত হঠাৎ কার্যালয়ের ভেতরে প্রবেশ করে। এ সময় তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই হাবিবুর ও সাজুকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। পরে সহকর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করে রাত ৭টা ৫০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা যায়, গুলিতে হাবিবুর রহমানের বাম হাত এবং সাজু আহমেদের ডান পায়ের হাঁটুর নিচে আঘাত লেগেছে। তাদের প্রত্যেকের শরীরেই এক রাউন্ড করে গুলি লেগেছে। আহত হাবিবুর রহমানের বাড়ি চাঁদপুরের উত্তর মতলব থানার নেতামদী এলাকায় এবং সাজু আহমেদের বাড়ি ঝালকাঠির নলছিটি থানার রাজপয়সা এলাকায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, হাতিরঝিলের ওয়াপদা রোড এলাকা থেকে গুলিবিদ্ধ দুই তরুণকে জরুরি বিভাগে আনা হয়েছে এবং বর্তমানে তাদের চিকিৎসা চলছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি ইতোমধ্যে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে তেজগাঁও বিভাগের শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ইমরান জানান, হাতিরঝিলে ইন্টারনেট অফিসে গুলির ঘটনার খবর পেয়ে পুলিশের বিভিন্ন টিম ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।