শরীয়তপুরের গোসাইরহাটে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত মো. আফজাল হোসেন আকন (৩৮) গোসাইরহাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এবং তিনি উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের ঢাকেরহাটি গ্রামের মৃত মহব্বত আকনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জুন বিকেলে গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের চরমাইজারী এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৫ থেকে ৩০ জন নেতা-কর্মী একটি মিছিল ও সমাবেশ করেছিলেন। পরবর্তী সময়ে ওই কর্মসূচির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০-২৫ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় সন্দেহভাজন ও এজাহারভুক্ত আসামি হিসেবে আফজাল হোসেন আকনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোসাইরহাট থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন জানান, গত শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকেরহাটি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রোববার (১৫ নভেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।