যশোরের বিভিন্ন সীমান্তপথ ব্যবহার করে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও সীমান্তকেন্দ্রিক যেকোনো অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে পারে এমন কোনো ব্যক্তি বা গোষ্ঠী অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশের চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছে বাহিনীটি।

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের হলরুমে স্থানীয় ও জাতীয় পর্যায়ের গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

মতবিনিময় সভায় বিজিবি অধিনায়ক বলেন, দেশের স্থিতিশীলতা বিনষ্টের উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে। সংগঠনটির কোনো নেতাকর্মী কিংবা তাদের সহযোগীরা যাতে সীমান্তপথ ব্যবহার করে অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধির পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

সীমান্ত নিরাপত্তা জোরদার, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং চোরাচালান বন্ধে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা শুধু বিজিবির একার দায়িত্ব নয়; এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি। সীমান্ত এলাকায় কোনো অপরাধ, অবৈধ অনুপ্রবেশ কিংবা সন্দেহজনক কর্মকাণ্ডের বিষয়ে গণমাধ্যমকর্মীদের কাছে নির্ভরযোগ্য তথ্য থাকলে তা যথাযথভাবে বিজিবিকে জানানোর আহ্বান জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে বিজিবি ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সীমান্ত এলাকার প্রকৃত পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি জনসচেতনতা তৈরিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ সময় তিনি বিজিবির সঙ্গে তথ্য আদান-প্রদানের মাধ্যমে সাংবাদিকদের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।

মতবিনিময় সভায় যশোর ও বেনাপোল অঞ্চলে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক প্রথম বেলা পত্রিকা, টেলিভিশন এবং অনলাইন গণমাধ্যমের সাংবাদিকেরা অংশগ্রহণ করেন।