চট্টগ্রামের রাউজানে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ী মো. সাইফুদ্দিন মুরাদকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় সাব্বির হাসান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের মণ্ডলের ঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি এলজি, একটি রিভলভার, সাতটি কার্তুজসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (১৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধ এবং ফেসবুকে সাব্বিরের পুরোনো ছবি প্রকাশ করে তাকে ফ্যাসিস্ট আখ্যা দেওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ী মুরাদের ভাই মানিকের সঙ্গে সাব্বিরের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত শনিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাট বাজারের আমিন মার্কেটের ‘মা স্টোরে’ মানিকের সঙ্গে সাব্বিরের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে মানিক সেখান থেকে পালিয়ে গেলে সাব্বির তার ভাই মুরাদের ওপর হামলা চালিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করেন।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম জানান, হামলার পর গুরুতর আহত অবস্থায় মুরাদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়। বর্তমানেও তার অবস্থা সংকটাপন্ন বলে পুলিশ জানতে পেরেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

এসপি আরও জানান, গ্রেপ্তারের সময় সাব্বিরের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, একটি রিভলভার ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আজ সোমবার রাত ১২টা ২৫ মিনিটে নোয়াপাড়া ইউনিয়নের পটিয়া পাড়ায় তার বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির রান্নাঘরের সানসেটের ওপর রাখা একটি বস্তা থেকে আরও একটি এলজি, পাঁচটি কার্তুজ, দুটি চাপাতি, চারটি বড় ছোরা, দুটি ছোট ছোরা ও দুটি টিপ চাকু উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে সাব্বির ব্যবসায়ী মুরাদকে ছুরিকাঘাতে একটি টিপ চাকু ব্যবহারের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং সাব্বিরকে আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত সাব্বিরের বিরুদ্ধে চাঁদাবাজি, অগ্নিসংযোগ, মাদক ও বিস্ফোরকসহ বিভিন্ন অভিযোগে আগে থেকেই ছয়টি মামলা রয়েছে।