কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে পুলিশ সুপার (এসপি) মো. জাহাংগীর আলমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মো. জাহাংগীর আলমের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং বাহিনীর অভ্যন্তরীণ স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১৪ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯ (২) ধারা অনুযায়ী মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের দিন অর্থাৎ ১৪ নভেম্বর ২০২৬ তারিখ থেকেই সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।