রাজধানীর মোহাম্মদপুরে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়। পুলিশের দাবি, ককটেল বিস্ফোরণের প্রস্তুতিকালে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউনের ৯ নম্বর সড়কের শেষ মাথায় নদীর পাড়ের ওয়াকওয়ে-সংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় প্লাস্টিকের বস্তা দিয়ে ঢাকা ও লাল কসটেপে মোড়ানো অবস্থায় তাজা ককটেল দুটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মেহেদী হাসান সোহেল (৩০) ও মো. রনি ওরফে গ্যাস রনি (২৮)।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজু আহমেদ ও আমিরুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। পরে গ্রেপ্তার দুজনের দেখানো মতে ককটেল দুটি উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজীবের নির্দেশে এবং তাঁর সহযোগী সুমন ও সাহিনের নেতৃত্বে গ্রেপ্তার দুজনসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন ককটেল বিস্ফোরণের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে অভিযান চালিয়ে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা এর আগেও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।