ইসরাইলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন সরকার গঠনের জোর তৎপরতা শুরু করেছে দেশটির বিরোধী জোট। সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ‘চেঞ্জ ব্লক’ আগামী বুধবার নতুন সরকারকে শপথ পড়ানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে। এ লক্ষ্যে জোটের শরিকদের সঙ্গে সমঝোতা চূড়ান্ত করা এবং পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার চেষ্টা চলছে।

বুধবার (২৫ নভেম্বর) ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহেই আরও কয়েকটি দলের সঙ্গে জোট চুক্তি চূড়ান্ত করতে চান আইজেনকোট। এরই অংশ হিসেবে কট্টরপন্থি অর্থোডক্স ইহুদি দলগুলোর সঙ্গেও সমঝোতার উদ্যোগ নিয়েছেন তিনি। এর আগে মঙ্গলবার আইজেনকোটের দল ‘ইয়াশার’ এবং আভিগদর লিবারম্যানের দল ‘ইসরাইল বেইতেনু’-এর মধ্যে জোট চুক্তির ঘোষণা আসে। চুক্তির বিস্তারিত এখনো প্রকাশ করা না হলেও চ্যানেল ১২ জানিয়েছে, নতুন সরকার গঠিত হলে লিবারম্যান প্রতিরক্ষামন্ত্রী এবং অভিবাসন ও শোষণবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন।

বুধবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ‘কান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে লিবারম্যান বলেন, ‘সংখ্যালঘু সরকার হবে না, বরং ইহুদি সংখ্যাগরিষ্ঠতার সরকার গঠিত হবে।’ নতুন সরকারকে ইউনাইটেড তোরাহ জুদাইজম পার্টি সমর্থন দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

নতুন সরকার গঠনের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কট্টরপন্থি অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিষয়টি। ইউনাইটেড তোরাহ জুদাইজমের সমর্থন পেতে দলটির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইয়াশার। দলটির শীর্ষ ধর্মীয় নেতা রাব্বি ডভ ল্যান্ডো ও মোশে হিলেল হির্শ সরাসরি আলোচনার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখালেও প্রকাশ্যে আলোচনা শুরুর বিষয়টি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত হির্শের দেশে ফেরার ওপর নির্ভর করছে।

প্রস্তাবিত সমঝোতা কাঠামো অনুযায়ী, পূর্ণকালীন ধর্মীয় শিক্ষায় নিয়োজিত নন এমন ব্যক্তিদের সামরিক বাহিনীতে যোগ দিতে হবে এবং ভুয়া ছাড় ঠেকাতে যাচাই-বাছাই কঠোর করা হবে। তবে নিয়োগের নির্দিষ্ট কোটা না থাকা এবং ব্যাপক ছাড়ের বিষয়টি সুপ্রিম কোর্টে আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। পাশাপাশি আইন প্রণয়নের সময় নিয়েও মতবিরোধ দেখা দিয়েছে। ইউনাইটেড তোরাহ জুদাইজম শপথের আগেই সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি জানানো ব্যক্তিদের গ্রেফতার বন্ধের দাবি জানালেও আইজেনকোট সরকার গঠনের পর এ বিষয়ে আইন পাসের পক্ষে অবস্থানে রয়েছেন।

ইসরাইলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১টি আসন। বর্তমানে আইজেনকোটের চেঞ্জ ব্লকে থাকা ইয়াশার, ইসরাইল বেইতেনু, নাফতালি বেনেটের টুগেদার পার্টি এবং ইয়ার গোলানের ডেমোক্র্যাটস পার্টির মোট আসন ৪৮টি। ইউনাইটেড তোরাহ জুদাইজম ও শাস পার্টির সমর্থন পেলে জোটের আসনসংখ্যা ৬১-এ পৌঁছাবে। এ ছাড়া নেতানিয়াহুকে ঠেকাতে ১৯টি আসনের অধিকারী আরব দলগুলোও আইজেনকোটের সরকারকে সমর্থন দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

উল্লেখ্য, আইজেনকোটের সরকার গঠনের প্রাথমিক সময়সীমা শেষ হচ্ছে আগামী ৬ ডিসেম্বর। নির্ধারিত সময়ের মধ্যে ব্যর্থ হলে তিনি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছ থেকে কেবল একবারের জন্য অতিরিক্ত ১৪ দিন সময় বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবেন।

সূত্র: আনাদোলু এজেন্সি