গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্টে ফের অবরোধের চেষ্টা করেছেন পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গাজীপুর চৌরাস্তা, সাইনবোর্ড ও মালেকের বাড়ি এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পুলিশের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অবরোধকারীরা সরে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই তিনটি এলাকায় জড়ো হয়ে অবরোধের চেষ্টা করেন। এতে ব্যস্ততম এই মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ও তীব্র জনদুর্ভোগের আশঙ্কা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। পরে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং যাত্রী ও পরিবহন শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি অব্যাহত রয়েছে।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ট্রাফিক বিভাগের নর্থ জোনের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ শহিদুল আলম শহীদ বলেন, “বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। মহাসড়কে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা কিংবা জনদুর্ভোগ সৃষ্টির ঘটনা বরদাশত করা হবে না। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।”
তিনি আরও বলেন, জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ট্রাফিক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন। কেউ মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।