নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কওমি মাদ্রাসাগুলোর শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক বিকাশে নব উদ্যোগে নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য, শিক্ষানুরাগী আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী তাঁর নিজস্ব অর্থায়নে শুরু করতে যাচ্ছে ‘রফিক হিলালী আরবি এক্সিলেন্স প্রোগ্রাম’।
২৬ নভেম্বর বৃহস্পতিবার সকালে নিজের ফেইসবুক স্ট্যাটার্সেএই উদ্যোগ প্রসঙ্গে সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী লিখেছেন, “মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশের অসংখ্য শ্রমজীবী মানুষ কর্মরত রয়েছেন। কিন্তু আরবি ভাষায় পর্যাপ্ত দক্ষতা না থাকায় অনেকেই কর্মক্ষেত্রে যোগাযোগ, নিজেদের অধিকার সম্পর্কে জানা এবং যোগ্যতা অনুযায়ী বেতন-ভাতা পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে থাকেন। ভাষাগত এই সীমাবদ্ধতা তাঁদের কর্মজীবনের সম্ভাবনাকেও সংকুচিত করে।”
তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, আমাদের শ্রমজীবী ভাইয়েরা যদি বিদেশে যাওয়ার আগে অন্তত আরবি ভাষায় মৌলিক দক্ষতা অর্জন করতে পারেন, তাহলে তাঁরা কর্মক্ষেত্রে আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন, নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হবেন এবং ভালো কর্মসংস্থানের সুযোগ তৈরিতে এগিয়ে থাকবেন। এর ইতিবাচক প্রভাব পড়বে দেশের রেমিট্যান্স প্রবাহেও।”
“এই চিন্তা থেকেই আমার নিজস্ব অর্থায়নে নির্বাচনি এলাকা নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া)-এর শিক্ষার্থী ও আগ্রহী নাগরিকদের জন্য ‘রফিক হিলালী আরবি এক্সিলেন্স প্রোগ্রাম’ চালুর উদ্যোগ নিয়েছি।”
তিনি আরও লিখেছেন- এই কর্মসূচির মাধ্যমে আরবি ভাষা শিখতে আগ্রহীদের মানসম্মত ভাষা প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষাগত মানোন্নয়ন, আরবি ভাষায় দক্ষতা বৃদ্ধি এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে কাজ করা হবে।
“আমি স্বপ্ন দেখি, আমাদের এলাকার প্রতিটি আগ্রহী নাগরিকের জন্য আরবি ভাষা শেখার সুযোগ তৈরি হবে। দক্ষতা ও যোগ্যতায় তাঁরা দেশ-বিদেশে নিজেদের অবস্থান তৈরি করবেন এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।”
এর আগে তিনি কেন্দুয়া ও আটপাড়া উপজেলায় শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বাড়াতে ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম (RHEEP)’ চালু করে ব্যাপক সাড়া জাগিয়ে ফলফ্রসূ পর্যায়। মফস্বল ও প্রান্তিক এলাকার ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক (সম্মান) পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত ওই কার্যক্রমে সাবলীল কথোপকথন, শব্দভাণ্ডার, সঠিক উচ্চারণ এবং ব্যক্তিত্ব বিকাশে গুরুত্ব দেওয়া হয়; যা তেলিগাতী সরকারি কলেজ ও আটপাড়া ডিগ্রি কলেজসহ নির্ধারিত কয়েকটি সেন্টারে চলছে।
প্রোগ্রামের পূর্ণাঙ্গ রূপরেখা, কার্যক্রম ও অংশগ্রহণের বিস্তারিত নিয়মাবলি শিগগিরই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।