নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতা ও সহিংস কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে গাজীপুর মহানগর যুবদলের সভাপতি সাজেদুল ইসলামের নেতৃত্বে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় গাজীপুরের গাজীপুরা ২৭ নম্বর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর যুবদলের সভাপতি সাজেদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপি সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ সুমন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু, ছাত্রদল নেতা মিরনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অবস্থান কর্মসূচিতে মহানগর যুবদলের সভাপতি সাজেদুল ইসলাম বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোনো ধরনের নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও বিশৃঙ্খলা প্রতিরোধে নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে থাকবেন।
জনগণের জানমালের নিরাপত্তা ও দেশের শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় যুবদলের নেতাকর্মীরা সব সময় সচেতন ও ঐক্যবদ্ধ রয়েছেন। কোনো ধরনের নাশকতা, অরাজকতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না। জনগণের পাশে থেকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যুবদলের নেতাকর্মীরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।
পরে একটি বিক্ষোভ মিছিল গাজীপুরা ২৭ নম্বর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।