টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৭ লাখ ৩৫ হাজার টাকাসহ সুমাইয়া আক্তার (৩১) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল দত্তপাড়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সুমাইয়া আক্তারকে আটক করা হয় এবং তার হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ অর্থের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মাদক কারবারের সাথে জড়িত অন্যদের বিষয়ে তথ্য সংগ্রহ ও তদন্ত অব্যাহত রেখেছে ডিবি পুলিশ।