যশোর উপশহর মারকাজ মসজিদ প্রাঙ্গণে শুক্রবার (২৭ নভেম্বর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা ইজতিমা।

আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হবে ইজতিমা ময়দান। ইতোমধ্যে ইজতিমাকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার থেকেই ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে পূর্ণ হয়ে উঠেছে মাঠ।

তাবলিগ জামাতের আমির মাওলানা সাদ কান্ধলভীর অনুসারী হিসেবে পরিচিত মাওলানা নিজামুদ্দিনের অনুসারীদের উদ্যোগে এবারের জেলা ইজতিমা অনুষ্ঠিত হচ্ছে। এতে যশোর জেলার আটটি উপজেলা থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

ইজতিমার জিম্মাদার ইয়ামিনুর রহমান জানান, শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতিমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই ইজতিমার সমাপ্তি ঘটবে।

ইজতিমা উপলক্ষে মাঠজুড়ে নির্মাণ করা হয়েছে বিশাল প্যান্ডেল। মুসল্লিদের সুবিধার্থে ত্রিপল টানানো, ওজুখানা, সুপেয় পানির ব্যবস্থা, স্যানিটেশন, মাইক ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। আগত মুসল্লিদের অবস্থানের সুবিধার্থে মাঠে সাতটি খিত্তা নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার ইজতিমা মাঠে জুমার নামাজ অনুষ্ঠিত হবে। এতে মাঠে অবস্থানরত মুসল্লিদের পাশাপাশি স্থানীয় ও আশপাশের এলাকার মুসল্লিরাও অংশ নেবেন।

এ ছাড়া কাকরাইল মসজিদের মুরব্বিদের পাশাপাশি বিদেশি মেহমানরাও ইজতিমায় দ্বীনি বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান করবেন।


সব মিলিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে যশোর জেলা ইজতিমা আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।