বগুড়ায় কর্মরত প্রকৌশলীদের মানসিক চাপ নিয়ন্ত্রণ, শারীরিক সুস্থতা নিশ্চিত ও পেশাগত কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইয়োগা সেশনের আয়োজন করেছে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) বগুড়া কেন্দ্র।

কর্মব্যস্ত জীবনে মানসিক প্রশান্তি ও সুস্থতার গুরুত্ব তুলে ধরতে শনিবার (২৮ নভেম্বর) সকাল ৭টায় শহরের উপশহরে আইইবি বগুড়া কেন্দ্র প্রাঙ্গণে এ সেশন অনুষ্ঠিত হয়।

‘ইয়োগা সেশন’ শীর্ষক এ কর্মসূচির প্রতিপাদ্য ছিল ‘স্ট্রেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম ফর ইঞ্জিনিয়ার্স’। এতে সহযোগিতা করে কোয়ান্টাম ফাউন্ডেশন, বগুড়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রকৌশলীরা দেশের উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের পেশাগত কাজের সঙ্গে দায়িত্ব, সময়ের চাপ ও নানা ধরনের চ্যালেঞ্জ জড়িয়ে রয়েছে। এ কারণে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের শারীরিক ও মানসিক সুস্থতার প্রতিও যত্নবান হওয়া জরুরি।

তিনি আরও বলেন, নিয়মিত যোগব্যায়াম, শরীরচর্চা ও মেডিটেশন মানসিক চাপ কমাতে এবং কর্মক্ষমতা বাড়াতে সহায়তা করে। সুস্থ ও প্রশান্ত মন নিয়ে কাজ করতে পারলে কর্মক্ষেত্রে দক্ষতা, সৃজনশীলতা ও কাজের মান আরও বৃদ্ধি পাবে। প্রকৌশলীদের সুস্থতা নিশ্চিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী খান মনজুর মোরশেদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি রাজশাহী কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী সরকার আনিছুর রহমান রানা। বিশেষ অতিথি ছিলেন আইইবি বগুড়া কেন্দ্রের নবনির্বাচিত চেয়ারম্যান প্রকৌশলী সৈয়দ ইফতেখার হোসেন।

সেশনে সভাপতিত্ব করেন আইইবি বগুড়া কেন্দ্রের ২০২৫-২৬ মেয়াদের চেয়ারম্যান প্রকৌশলী এ এফ এম আবদুল মতিন। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রের নবনির্বাচিত সম্মানী সম্পাদক প্রকৌশলী লায়ন মোঃ হাবিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন আইইবি ভাইস চেয়ারম্যান (অ্যাডমিন) প্রকৌশলী ফেরদৌস হোসেন, নবনির্বাচিত সেন্ট্রাল কাউন্সিল মেম্বার প্রকৌশলী আব্দুর রশিদ এবং এলজিইডি বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুজ্জামান মাসুদ।

এ ছাড়া বগুড়া পানি উন্নয়ন বোর্ড, পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ, বিএডিসিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং বিভিন্ন পর্যায়ের প্রকৌশলীরা সেশনে অংশ নেন।

কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বগুড়া শাখার কো-মোমেন্টিয়ার নাফিস ফারুক। ইয়োগা সেশন পরিচালনা করেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় ইয়োগা ইন্সট্রাক্টর সুজিত বৈদ্য, ফারুক হোসেন এবং বগুড়া শাখার ইয়োগা ইন্সট্রাক্টর অ্যাডভোকেট গোলাম দস্তগীর সরকার। এ সময় ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা সেশন পরিচালনায় সহযোগিতা করেন।

আইইবি বগুড়া কেন্দ্রের নবনির্বাচিত সম্মানী সম্পাদক প্রকৌশলী লায়ন মোঃ হাবিবুর রহমান জানান, প্রকৌশলীদের পেশাগত জীবনের কাজের চাপ ও মানসিক ক্লান্তি দূর করার পাশাপাশি শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি নিশ্চিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। নিয়মিত যোগব্যায়াম ও মানসিক চাপ ব্যবস্থাপনা কর্মসূচির মাধ্যমে প্রকৌশলীরা আরও সুস্থ, উদ্যমী ও কর্মক্ষম হয়ে উঠবেন বলে তাঁরা প্রত্যাশা করেন।