মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বরকে সামনে রেখে বেনাপোল সীমান্তে মশাল মিছিল করেছে শার্শা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মাগরিবের নামাজের পর বেনাপোল বাজার থেকে মিছিলটি শুরু হয়। হাতে জ্বলন্ত মশাল, মুখে স্লোগান নিয়ে শত শত নেতাকর্মী সীমান্ত সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলটি বেনাপোলের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার বাজার এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। এছাড়া উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি হাসান জহির ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন। তাদের নেতৃত্বে নেতাকর্মীরা মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র পুনরুদ্ধার ও বিজয় দিবসের তাৎপর্য নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ১৬ ডিসেম্বর বাঙালি জাতির গৌরবের দিন। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বক্তারা আরও বলেন, ১৬ ডিসেম্বরকে ঘিরে আওয়ামী লীগের লোকজন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। বিজয় দিবসের কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করতে তৃণমূলের নেতাকর্মীদের এখন থেকেই মাঠে সজাগ থাকার আহ্বান জানান তারা।
মশাল মিছিলকে ঘিরে বেনাপোল বাজার ও সীমান্ত সড়কে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।