

নুমন, নিজেস্ব প্রকিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩৩নং ওয়ার্ডের ঢাকা উদ্যান প্রধান সড়কসহ ব্লক–সি ও ব্লক–ডি এলাকার সড়ক, নর্দমা ও ফুটপাত উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেড়িবাঁধ রাস্তার ঢাকা উদ্যান বাসস্ট্যান্ড এলাকায় কাজের উদ্বোধন করেন তিনি। মোট ১১ কোটি ২৭ লাখ ৫৭ হাজার টাকার এই প্রকল্পের কাজ বাস্তবায়ন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লরিন এন্টারপ্রাইজ।
প্রকল্পের আওতায় ঢাকা উদ্যান প্রধান সড়কের বিদ্যমান নর্দমা লাইন মেরামতের পাশাপাশি ফুটপাত ও রাস্তা উন্নয়ন করা হবে। একইসঙ্গে ব্লক–সি এর প্লট নং ১৫ থেকে ৫নং সড়ক পর্যন্ত এবং ব্লক–ডি এর ৩নং সড়ক হোল্ডিং নং ০১ থেকে ৫০/সি পর্যন্ত নর্দমা মেরামত ও রাস্তা সংস্কার করা হবে।
উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে প্রায় দেড় কিলোমিটার সড়ক, এক দশমিক শূন্য নয় কিলোমিটার নর্দমা এবং প্রায় দুই কিলোমিটার ফুটপাত নির্মাণ ও সংস্কারের কাজ করা হবে।
উদ্বোধন অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, এই শহরে সমস্যার শেষ নেই। যেখানেই সমস্যা, সেখানেই আমরা সমাধানের চেষ্টা করছি। ঢাকা উদ্যানে আবাসন গড়ে উঠেছে অনেকটা অপরিকল্পিতভাবে, তারপরও আমরা চেষ্টা করছি নাগরিকদের সুবিধার্থে রাস্তা মেরামত ও উন্নয়ন করার।
তিনি আরও বলেন, গত ১৫ বছরে কেউ প্রশ্ন করার সুযোগ পায়নি। এখন সময় এসেছে নাগরিকদের অংশগ্রহণে স্বচ্ছতা নিশ্চিত করার। আমরা যদি কোনো ভুল করি, নাগরিকরা আমাদের সংশোধন করবেন, জিজ্ঞেস করবেন—সরকারি টাকাটা আমরা ঠিকভাবে খরচ করছি কি না।
প্রশাসক জানান, জোন–৫ এলাকার সার্বিক উন্নয়নের জন্য প্রায় এক হাজার কোটি টাকার একটি বড় প্রকল্প গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, রাস্তার মাঝখানে কোনো হকার বসতে দেওয়া হবে না। বাড়ির সামনে পরিচ্ছন্নতা বজায় রাখতে সবাইকে সচেতন হতে হবে। শিগগিরই পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে, যাদের বাড়ির সামনে ময়লা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে ডিএনসিসির কর্মকর্তারা, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, এলাকাবাসী উপস্থিত ছিলেন।




