কুষ্টিয়ায় জামায়াতের আমিরের জনসভা ঘিরে ঢল নেমেছে নেতাকর্মীদের

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের কুষ্টিয়া সফর ও নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে কুষ্টিয়ায় ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। সোমবার (২৬ জানুয়ারি) সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা জনসভাস্থলে সমবেত হচ্ছেন।

সকাল ১০টায় কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠে এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান।

সকাল ৮টা থেকেই কুষ্টিয়ার বিভিন্ন উপজেলা থেকে বাস, মাইক্রোবাস ও ট্রাকে করে নেতাকর্মীরা আসতে শুরু করেন। অনেককে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা সম্বলিত টি-শার্ট, ব্যাচ ও মাফলার পরে স্লোগান দিতে দেখা যায়।

জনসভাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জামায়াতের নিজস্ব স্বেচ্ছাসেবকরা শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন। মাঠের চারপাশের ভবনগুলোতে কেন্দ্রীয় নেতার ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়েছে।

শহর যুব বিভাগের নেতা মোস্তাফিজুর রহমান পলাশ বলেন, “আজকের এই জনসভায় ২ লক্ষাধিক লোকের সমাগম হবে বলে আমরা আশা করছি। এই জনসভার মধ্য দিয়ে ১২ ফেব্রুয়ারির ভোটের মাঠের অনেক সমীকরণ নির্ধারিত হয়ে যাবে।”

অন্যদিকে, দীর্ঘ সময় পর দলীয় প্রধানকে সামনে থেকে দেখার সুযোগ পেয়ে আবেগাপ্লুত সাধারণ কর্মীরাও। কুমারখালী থেকে আসা সাইফুল ইসলাম বলেন, “অনেক জেল-জুলুম সহ্য করেছি, আজ আমাদের প্রিয় নেতাকে দেখার সুযোগ হাতছাড়া করতে চাইনি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button