আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি-ছাত্রদল সংঘর্ষ, আহত ৬

 জেলা প্রতিনিধি,  মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৬ জন আহত হয়েছেন।

শনিবার (১১ জানুয়ারি) রাত ৮টার দিকে কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের নতুন টরকী বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কালকিনি উপজেলার চরাইকান্দি গ্রামের রাজ্জাক বেপারীর ছেলে জুয়েল বেপারী (৪০), একই এলাকার আয়নাল বেপারীর ছেলে আকতার বেপারী (৪২), মিলন বেপারী (৩২) ও জুয়েল বেপারী (২৮)। বাকিদের নাম পাওয়া যায়নি।

পুলিশ, আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন মোল্লার সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে একই এলাকার ছাত্রদল নেতা শাকিব ইসলাম নয়ন ও মিলন বেপারীর বিরোধ চলে আসছিল। এরই জেরে দুই পক্ষ রাতে নতুন টরকী বাজার এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৬ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পাশের বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে জুয়েল বেপারী নামে একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তবে এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অভিযুক্তদের ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button