মাদরাসার মেঝেতে পড়ে ছিল নবজাতক, উদ্ধারের পর হাসপাতালে ভর্তি

জেলা প্রতিনিধি, বরগুনা:  বরগুনার বামনা উপজেলায় একটি মাদরাসার মেঝেতে ফেলে রাখা যাওয়া এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। পরে শিশুটিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসা. নিখাত আরা বিষয়টি নিশ্চিত করেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের চলাভাঙ্গা ডিএসআর দাখিল মাদরাসার মেঝে থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার রাতে যেকোনো সময় যে কেউ কাপড়ে পেঁচিয়ে মাদরাসার নিচ তলার মেঝেতে নবজাতককে ফেলে রেখে যায়। পরে সকালে স্থানীয় বাসিন্দারা নবজাতককে দেখতে পায়। মাদরাসা সংলগ্ন স্থানীয় এক বাসিন্দা মাফুজা বেগম ঘটনাস্থলে গিয়ে নবজাতক শিশুটিকে উদ্ধার করে ওই এলাকার একটি হাসপাতালে নিয়ে যায়। পরে বিকেলের দিকে উপজেলা নির্বাহী অফিসসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের উপস্থিতিতে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

নবজাতককে উদ্ধার করা মাহফুজা বেগম বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে পড়ে থাকতে দেখতে পাই। প্রথমে দেখে মনে হয়নি শিশুটি বেঁচে নেই। উপস্থিত অনেকেই মৃত ভেবে শিশুটির কাছে যায়নি, এমনকি অনেকে শিশুটিকে ফেলেও দিতে চেয়েছিল। পরে আমি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোসা. নিখাত আরা বলেন, নবজাতক উদ্ধারের খবর পেয়েছি। পরে শিশুটির উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় শিশু সুরক্ষা কমিটি ও শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী সময়ে জেলা কমিটির সিদ্ধান্ত ও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button