গাজীপুরে গুলি ও ককটেল ফাটিয়ে ডাচ-বাংলা এজেন্টের ২৪ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর ২৫ জানুয়ারি ২০২৬

গাজীপুর মহানগরীর বাসন এলাকায় ফিল্মি স্টাইলে গুলি ছুড়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে একটি ডাচ-বাংলা ব্যাংক এজেন্ট পয়েন্টের ২৪ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার (২৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে আউটপাড়া এলাকায় এই দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার ব্যবসায়ী শফিকুল ইসলামের ম্যানেজার সাইফুল ইসলাম এজেন্ট পয়েন্টের টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য চান্দনা চৌরাস্তার উদ্দেশে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। তিনি স্থানীয় কাজিমউদ্দিন স্কুলের সামনে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা ছয়জন দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে।

আতঙ্ক সৃষ্টি করতে ছিনতাইকারীরা দুই রাউন্ড গুলি ছোড়ে এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। মুহূর্তে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়লে দুর্বৃত্তরা সাইফুলের কাছে থাকা ২৪ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে বাসন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। জিএমপির বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এজেন্ট পয়েন্টের টাকা ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ককটেল ফাটিয়ে টাকা লুটের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছি। জড়িতদের শনাক্ত করতে এবং লুণ্ঠিত টাকা উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।”

এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জনবহুল এলাকায় এমন দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button