বই বিতরণ অনুষ্ঠানের ব্যানারে শেখ হাসিনার ছবি, যা বলছে কর্তৃপক্ষ

জেলা প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর চাটখিলে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার দিয়ে বই বিতরণ অনুষ্ঠান করা হয়েছে। চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। বুধবার (১ জানুয়ারি) বেলা ১১টা থেকে এই বই বিতরণ অনুষ্ঠান শুরু হয়।

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার ছবিসহ ব্যানার ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক সমালোচনা দেখা দেয়। ইচ্ছে করেই এমনটা করা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। অনুষ্ঠানে বিদ্যালয়টির শিক্ষকদের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া আফরোজ বলেন, আমি আজকেই প্রথম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়েছি। আমাদের প্রধান শিক্ষক গতকাল অবসরে গেছেন। মূলত আমরা গত বছরের ব্যানার দিয়ে অনুষ্ঠান করেছি। যে কারণে এমনটা হয়ে গেছে। আমরা বিষয়টির জন্য দুঃখিত। এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়নি।

চাটখিল উপজেলা শিক্ষা অফিসার মো. আবদুল হান্নান পাটওয়ারী বলেন, বই বিতরণে কোনো উৎসব বা অনুষ্ঠান করার নির্দেশনা ছিল না। বিগত প্রধানমন্ত্রীর ছবিসহ সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের বিষয় আমার কিছুই জানা নেই। বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

চাটখিল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, আমার কাছে বিষয়টি কেউ জানায়নি কিংবা আমার নজরেও আসেনি। সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button