শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা শুরু হতে পারে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে আগামী শুক্রবারের মধ্যে ‘সুসংবাদ’ আসতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্ট-কে দেওয়া এক প্রতিক্রিয়ায় ট্রাম্প নিজেই এই ইঙ্গিত দেন।

ইসলামাবাদ সূত্রে জানা গেছে, তেহরানের সঙ্গে তাদের মধ্যস্থতা প্রচেষ্টায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। আগামী ৩৬ থেকে ৭২ ঘণ্টার মধ্যে নতুন করে আলোচনার টেবিলে বসতে পারে দুই পক্ষ।

সম্ভাব্য অগ্রগতির বিষয়ে ট্রাম্প এক সংক্ষিপ্ত বার্তায় বলেন, “এটি সম্ভব!” এর আগে তিনি ইরানের নেতাদের একটি ‘একীভূত প্রস্তাব’ নিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন।

মঙ্গলবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প জানান, আলোচনা শেষ না হওয়া পর্যন্ত তিনি বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াচ্ছেন। তবে একইসঙ্গে মার্কিন সামরিক বাহিনীকে অবরোধ অব্যাহত রাখা এবং যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

পাকিস্তানি সূত্রগুলো বলছে, দুই পক্ষের মধ্যে উত্তেজনাপূর্ণ বক্তব্য থাকলেও মাঠপর্যায়ে যুদ্ধবিরতি বজায় রয়েছে এবং কোনো পক্ষই সামরিক তৎপরতা বাড়ায়নি। পাকিস্তান বর্তমানে এই সংকটে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে এবং তাদের কূটনৈতিক তৎপরতার ভিত্তিতেই এই নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button