রাজধানীর খিলগাঁও থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

নিজেস্ব প্রতিবেদক:: রাজধানীর খিলগাঁও থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

সোমবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে খিলগাঁওয়ের পূর্ব গোড়ান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ৭.৬২ মি.মি. চাইনিজ পিস্তল, একটি তরাস ম্যাগজিন, পিস্তলের ছয় রাউন্ড গুলি ও চায়নিজ রাইফেলের নয় রাউন্ড গুলি ও ছয়টি রামদা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— নাসির উদ্দিন (৪৫) ও ইমরান হোসেন (৪০)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের বরাত দিয়ে তিনি জানান, সোমবার দিবাগত রাতে পূর্ব গোড়ান এলাকায় বিশেষ অভিযান চালায় ডিবির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম। এ সময় তারা তথ্য পায় খিলগাঁওয়ের পূর্ব গোড়ানের একটি বাসায় কয়েকজন অস্ত্র ব্যবসায়ী অস্ত্র-গুলি ও দেশীয় অস্ত্র বিক্রির জন্য অবস্থান করছে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসার সামনে পাহারারত দু’জন পালিয়ে যায়। পুলিশ বাসার ভেতরে অভিযান চালিয়ে করে অস্ত্র ব্যবসায়ী মো. নাসির উদ্দিন ও মো. ইমরান হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করে।

এ ঘটনায় গ্রেপ্তাররাসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনের বিরুদ্ধে খিলগাঁও থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে জানা যায়, গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দলের সক্রিয় সদস্য। তারা পলাতক অন্যান্যদের সঙ্গে যোগশাজশে অস্ত্র-গুলি ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে ।

পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button