নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: খন্দকার মোশাররফ

নিজেস্ব  প্রতিবেদক: নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে নিউইয়র্ক স্টেট বিএনপি, যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

মোশাররফ হোসেন বলেন, নির্বাচন নিয়ে আজ ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে। গত ১৭ বছর ধরে যারা ক্ষমতায় ছিল তারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তবে আমরা বিশ্বাস করি এই অন্তর্বর্তী সরকার অতি শিগগির নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করবে। এরপর জনগণ নির্বাচনমুখী হবে। জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে, তখন আর কোনো ষড়যন্ত্র কাজে দেবে না। জনগণই সব ষড়যন্ত্র মোকাবিলা করবে। অতএব অনতিবিলম্বে নির্বাচন দেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতাকে ফিরিয়ে দেন। জনগণই নির্বাচিত করবে কারা হবে তাদের সরকার। নির্বাচিত সরকার হবে এ দেশের স্থায়ী সরকার। অন্তর্বর্তী সরকার অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকতে পারে না।

তিনি আরও বলেন, অনেকে বলছে আমরা নাকি ক্ষমতার জন্য নির্বাচন চাচ্ছি। কিন্তু, আমরা দল হিসেবে কখনো ক্ষমতার জন্য চেষ্টা করিনি।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, এখন সংস্কারের কথা বলা হচ্ছে। সংস্কার তো বিএনপি এক বছর আগে ৩১ দফার মাধ্যমে জনগণের কাছে দিয়েছে। সংস্কার নির্ধারিত সময়ের মধ্যে শেষ হতে পারে না। এই সরকার বলছে তারা নাকি নির্ধারিত সময়ের মধ্যে সংস্কার করবে, এটা হতে পারে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। অতএব আমরা সংস্কারও চাই, কিন্তু অগ্রাধিকার দিতে হবে নির্বাচনকে।

মোশাররফ হোসেন বলেন, অনেকে দাবি করতে চান যে জুলাই-আগস্টে এই স্বৈরাচার সরকারের পতন হয়েছে, দেশে গণতন্ত্র ফিরে এসেছে। কিন্তু, এই আন্দোলন গত ১৭ বছর যাবৎ চলছে, এটা কেউ অস্বীকার করতে পারবে না।

তিনি বলেন, যে কোনো আন্দোলন সফল হতে হলে এর পেছনে দীর্ঘ ইতিহাস থাকে। জুলাই-আগস্টে যে আন্দোলন সফল হয়েছে, এই আন্দোলনে বিএনপির দীর্ঘ সময়ের রেকর্ড রয়েছে। এটা অস্বীকার করার সুযোগ নেই। অতএব এই আন্দোলনে বিএনপি অংশগ্রহণের দাবিদার।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, দেশের জনগণ এই আন্দোলনকে সফল করার পর যারা ক্ষমতায় এসেছে, তারা জনগণের নির্বাচিত কোনো সরকার নয়। তারা এই আন্দোলনের ফসল এবং তারাও দাবি করে তারা নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার। বিএনপির পক্ষ থেকে আমরা এই সরকারকে সমর্থন করেছি।

নিউইয়র্ক স্টেট বিএনপি, যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মো. অলিউল্লা আতিকুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ আব্দুল লতিফ সম্রাটসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button