জমজমাট আয়োজনে শেষ হলো আমতৈল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

জেলা প্রতিনিধি, মাগুরা: জমজমাট আয়োজনের মধ্যে দিয়ে শেষ হয়েছে মাগুরার শ্রীপুরের স্বনামধন্য বিদ্যাপীঠ আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ আয়োজন করা হয়। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মুন্সী মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোল্যা মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. আসাদুজ্জামান, মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুবুল হক, উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী, শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল গণি, উপজেলা শিক্ষা অফিসার মো. আবদুর রশিদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা ফয়জুর রহমান লাবু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোল্যা মিজানুর রহমান বলেন, আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের মর্যাদা, ঐতিহ্য ও ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে। নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সঙ্গে সম্পৃক্ত করতে তাদের পরিপূর্ণভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয় অর্জন করবে। আমি আশা করি এই প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পাস করে বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত হবে৷

উল্লেখ্য, ক্রীড়ানুষ্ঠানে আমতৈল মাধ্যমিক বিদ্যালয় ও আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৩৩টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button