স্থানীয়দের মুখে মশা, খেলার মাঠ ও সড়ক দখলের অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নাগরিক সমস্যার সমাধানে আওতাধীন ১০টি অঞ্চলে ধারাবাহিক গণশুনানির আয়োজন শুরু করেছে।

এরই অংশ হিসেবে বুধবার (৯ এপ্রিল) মিরপুর চিড়িয়াখানা রোডে ডিএনসিসির অঞ্চল-২ এর কার্যালয়ের সভাকক্ষে ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে স্থানীয়রা তাদের এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তাদের অভিযোগের মধ্যে ছিল, মশার উৎপাত, ফুটপাত বেদখল, খাল দখলমুক্তকরণ, ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য, খেলার মাঠ ও সড়ক পুনরুদ্ধার।

এ সময় ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, আমরা ন্যায্যতার ভিত্তিতে একটি আধুনিক ও বাসযোগ্য শহর গঠন করতে চাই। আজকে যেসব সমস্যার কথা বলা হয়েছে, তার অধিকাংশ সম্পর্কে আমি আগে থেকেই অবগত। ইতোমধ্যে আমরা কিছু বিষয়ে কাজ শুরু করেছি। অগ্রাধিকার ভিত্তিতে এসব সমস্যার সমাধান করব।

তিনি বলেন, নাগরিকদের সরাসরি মতামত ও পরামর্শ জানতে আমি প্রতিটি ওয়ার্ডে যাচ্ছি। আপনারা যেসব অভিযোগ করেছেন, সেগুলোর বাইরে আরও যেসব সমস্যা রয়েছে, তা লিখিত আকারে দিন অথবা আমাদের ফেসবুক পেজে জানান। আমরা ব্যবস্থা নেব।

প্রশাসক এজাজ এ সময় বন্ধ থাকা সবার ঢাকা অ্যাপটি পুনরায় চালু করার ঘোষণা দেন এবং ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

জানা গেছে, ৮ এপ্রিল অঞ্চল-১ থেকে শুরু হওয়া এই গণশুনানি পর্যায়ক্রমে ডিএনসিসির সব অঞ্চলে অনুষ্ঠিত হবে।

মিরপুরের শুনানিতে অঞ্চল-২-এর আওতাধীন ওয়ার্ডগুলোর স্কুল-কলেজের শিক্ষক, মসজিদের ইমাম, বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন সোসাইটির নেতা, যুব প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধিরা অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button