‘সমৃদ্ধ দেশ গঠনে ছাত্রশিবিরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক: মেধার সঙ্গে নৈতিকতার সমন্বয় ঘটিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ছাত্রশিবিরকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

ছাত্রশিবিরের উদ্যোগে দুই দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল রোববার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে শুরু হওয়া এ কর্মশালা আজ (সোমবার) শেষ হয়েছে।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি জাতির জন্য সবচেয়ে গুরত্বপূর্ণ হলো যোগ্য নেতৃত্ব। যোগ্য নেতৃত্বের সংকট পূরণে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলদের সর্বোচ্চ দক্ষতার পরিচয় দিতে হবে। মেধার সঙ্গে নৈতিকতার সমন্বয় ঘটিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

কর্মশালায় সভাপতির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, জাতির প্রত্যাশা অনুযায়ী আগামীর বাংলাদেশে যোগ্য নেতৃত্ব উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে। বিশ্ববিদ্যালয় দায়িত্বশীলদের এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ছাত্ররাজনীতির প্রতি নেতিবাচক ধারণা থেকে বের হতে হলে সব বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ নির্বাচনের কোনো বিকল্প নেই।

তিনি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের অধিকার আদায়ে দায়িত্বশীলদের আরও যত্নবান হওয়া এবং শিক্ষার্থীদের মাঝে ছাত্ররাজনীতির প্রতি ইতিবাচক ধারণা আনয়নে দায়িত্বশীলদের উদ্যোগী ভূমিকা পালন করতে হবে।

কর্মশালায় ছাত্রসংসদ নির্বাচন, ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবিলা, ক্যাম্পাস পরিস্থিতি, দক্ষ নেতৃত্ব তৈরি নিয়ে  আলোচনা হয়। প্যানেল ডিসকাশন সেশনে মেহমানবৃন্দ ও উপস্থিত দায়িত্বশীলদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা সেশন অনুষ্ঠিত হয়।

এতে আরও বক্তব্য রাখেন- ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান, দেলাওয়ার হোসেন ও সালাহউদ্দিন আইউবী। এছাড়া শিক্ষাবিদ, সাংবাদিক, ইসলামী স্কলার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় সাংস্কৃতিক পরিবেশনা, ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন আউটডোর ইভেন্ট অনুষ্ঠিত হয়। সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ এ কর্মশালায় অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button