ফরিদপুরের ‘রাজাবাবু’ এই ঈদে কোরবানির হাট মাতাবে

জেলা প্রতিনিধি,  ফরিদপুর: বিশালাকৃতির ষাঁড়। নাম রাখা হয়েছে ‌‘রাজাবাবু’। কোরবানির ঈদ সামনে ফ্লেকভি জাতের গরুটি পালন করেছেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার দেবীনগর গ্রামের কৃষক আদেল উদ্দিন মোড়ল। ২২ মণের রাজাবাবুর দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা।

রাজাবাবুকে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন পালন করেছেন কৃষক আদেল উদ্দিন মোড়ল। তিনি জানান, ছোলা, ভুট্টা, খৈল ও নেপিয়ার ঘাস খাইয়ে বড় করা হয়েছে গরুটিকে।

কোরবানির হাট মাতাবে ফরিদপুরের ‘রাজাবাবু’

স্থানীয় বাসিন্দা আজগর মোল্লা দৈনিক প্রথম বেলাকে বলেন, “এই জাতের গরু আগে দেখিনি। দেখতে খুব সুন্দর। আমার চোখের সামনে বড় হয়েছে। গরুর মালিক নিজে ডাল-ভাত খেলেও গরুটিকে কাঁচা ঘাস, ফল-সবজি, ছোলা, খৈল খাইয়ে বড় করেছেন। গরুটির পেছনে উনি অনেক শ্রম দিয়েছেন। আমাদের ধারণা, ‘রাজাবাবু’ জেলার মধ্যে সবচেয়ে দেখতে সুন্দর ও বড় গরু।”

আদেল উদ্দিনের স্ত্রী শাহেরা বিবি দৈনিক প্রথম বেলাকে বলেন, ‘গরুটি সন্তানের মতোই লালন-পালন করেছি। চোরের ভয়ে সারারাত গোয়ালঘরে থেকেছি। শ্যাম্পু দিয়ে গোসল করিয়েছি। গরুটি বিক্রি করার কথা শুনে বেশ কষ্ট লাগছে। এখন একটাই চাওয়া, কষ্টের ন্যায্য দাম যেন পাই।’

কোরবানির হাট মাতাবে ফরিদপুরের ‘রাজাবাবু’

গরুটির মালিক আদেল উদ্দিন মোড়ল দাবি করেন, জেলার মধ্যে তার ‘রাজাবাবু’ সবচেয়ে বড় গরু। এর দাম চাওয়া হচ্ছে ১৫ লাখ টাকা। আশানুরূপ দাম পেলেই গরুটি বিক্রি করে দেবেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম বলেন, আমার জানামতে কোরবানির জন্য প্রস্তুত করা রাজাবাবুর খাবার ও শরীরে কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়নি। ষাঁড়টির মালিক ভালো দাম পাবেন আশা করি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button