১৫ নভেম্বরের মধ্যে প্রার্থীদের তালিকা প্রকাশ করবে এনসিপি : নাহিদ ইসলাম

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫ নভেম্বরের মধ্যে প্রাথমিক সম্ভাব্য প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত গাজী সালাহউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা স্পষ্টভাবে বলেছি যে আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং সেক্ষেত্রে ৩০০ আসনই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেক্ষেত্রে খালেদা জিয়ার কথা আমাদের নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন। উনার সম্মানে হয়তো সেখানে আমরা প্রার্থী দেব না।

তিনি আরও বলেন, এছাড়া সর্বাধিক আসনে আমরা শাপলা কলির জন্য প্রার্থী দেব। বাংলাদেশের মানুষের কাছে আমরা সেই আহ্বান জানিয়েছি। আমরা এবার বাংলাদেশের ইতিহাসে নির্বাচনী যে সংস্কৃতি দেখি যাদের টাকা আছে যারা এলাকায় গডফাদারগিরি করে তারাই নির্বাচনে দাঁড়ায়- আমরা সেই সংস্কৃতিকে চ্যালেঞ্জ করতে চাই। বরং এলাকার সেই গ্রহণযোগ্য মানুষ, যাকে সাধারণ মানুষের পাশে পাওয়া যায়। একজন সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে এলাকার যারা শিক্ষক রয়েছেন, ইমাম রয়েছেন, গ্রহণযোগ্য সামাজিক নেতৃত্ব রয়েছেন তাদেরকে আমরা জনপ্রতিনিধি হিসেবে সংসদে দেখতে চাই। আমরা সেই উদ্দেশ্যে কাজ করছি।

রাজনৈতিক সমঝোতা ও সম্ভাব্য জোট বিষয়ে নাহিদ ইসলাম বলেন, সমঝোতা বা জোট অবশ্যই একটা রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে। যদি সেরকম কোন সম্ভাবনা তৈরি হয়, যেমন জুলাই সনদে আমাদের যে সংস্কারের দাবিগুলো আছে, সেই দাবিগুলোর সঙ্গে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে, সে ক্ষেত্রে আমরা জোটের বিষয়টা বিবেচনা করব। আমরা এখন পর্যন্ত এককভাবে আগাচ্ছি।

তিনি আরও যোগ করেন, এ মাসের ১৫ তারিখের মধ্যে প্রাথমিক সম্ভাব্য প্রার্থীর একটা তালিকা প্রকাশ করব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button