সিদ্ধিরগঞ্জে ১৬ মাস পর শামীম ওসমানসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাফসিন আহমেদ জিসান নামে এক তরুণকে আহত করার ঘটনায় ১৬ মাস পর সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমিরি ওসমানসহ ৮০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের হয়েছে। আদালতের নির্দেশে গত বুধবার (৫ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু করা হয়।

বিষয়টি শুক্রবার (৭ নভেম্বর) রাতে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম।

পুলিশ জানায়, মামলায় মোট ৮০ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আরও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছর ১৮ জুলাই দুপুরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবর্ষণ ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন নাফসিন আহমেদ জিসান (১৯)।

পরে চলতি বছরের ১৯ সেপ্টেম্বর আহত জিসান নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি আবেদন করেন। আদালত আবেদনটি গ্রহণ করে সংশ্লিষ্ট থানাকে মামলা রেকর্ড করার নির্দেশ দেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, আদালতের নির্দেশে হত্যা চেষ্টার মামলা রেকর্ড করা হয়েছে। বাদী জিসান গত বছরের জুলাই মাসের আন্দোলনে আহত হয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button