এবার দুঃখ প্রকাশ করলেন সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলীর বরাতে শনিবার দুপুরে বক্তব্য দিয়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। সেই বক্তব্যের জন্য ডিএমপি কমিশনার, সাদিক কায়েম ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রতিবাদ-বিবৃতির পর দুঃখ প্রকাশ করেছেন রিজভী।

এরপরই ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি শুক্রবার (১২ ডিসেম্বর) গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পাওয়ার পরে দেওয়া পোস্টের শব্দচয়ন নিয়ে দুঃখ প্রকাশ করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।

রুহুল কবির রিজভীর বিতর্কিত বক্তব্যের পর দুঃখ প্রকাশকে সাধুবাদ জানিয়ে শনিবার (১৩ ডিসেম্বর) রাতে ফেসবুকে একটি পোস্ট দেন ডাকসু ভিপি।

পোস্টে সাদিক কায়েম লেখেন, ‘এআই জেনারেটেড ছবি ও ভুয়া ফটোকার্ড দ্বারা বিভ্রান্ত হয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহারের মাধ্যমে রুহুল কবির রিজভী ভাই রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তনে নতুন মাত্রা যোগ করলেন। আমি ব্যক্তিগতভাবে এই পদক্ষেপকে সম্মান ও সাধুবাদ জানাচ্ছি।’

তিনি লেখেন, ‘আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক রাজনীতিতে মতভেদ থাকবে, বিতর্ক থাকবে। কিন্তু ভুয়া তথ্য, এআই জেনারেটেড ছবি কিংবা যাচাইবিহীন বক্তব্য দিয়ে কাউকে কোনো ঘটনার সাথে জড়িয়ে ফেলা কখনোই কাম্য নয়। এই জায়গায় রিজভী ভাইয়ের অবস্থান সংশোধন ও দুঃখ প্রকাশ একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।’

সাদিক কায়েম লেখেন, ‘একই সাথে উল্লেখ করা প্রয়োজন বাংলাদেশপন্থার রাজনীতিতে আমাদের কমন শত্রু আধিপত্যবাদী শক্তি, গণহত্যাকারী আওয়ামী লীগ ও তার দোসররা। আমরা তাদের ব্যাপারে সজাগ থেকে নিজ নিজ মত-পথ ও দলের রাজনীতি করে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে এগিয়ে যাব ইনশাআল্লাহ।’

ডাকসু ভিপি দুঃখ প্রকাশ করে লেখেন, ‘এ প্রসঙ্গে ব্যক্তিগতভাবে একটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন বলে মনে করি। গতকাল (শুক্রবার) ওসমান হাদি ভাই গুলিবিদ্ধ হওয়ার সংবাদ পাওয়ার পর আমি যে পোস্টটি দিয়েছিলাম, সেটিতে আমার শব্দচয়ন নিয়ে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে তার জন্য আমি দুঃখিত। অনেকেই গঠনমূলক সমালোচনা করেছেন এবং মূল্যবান পরামর্শ দিয়েছেন। সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button