নির্বাচনী নিরাপত্তায় নোয়াখালীতে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

জেলা প্রতিনিধি, নোয়াখালী |

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় মোট ২৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

এর মধ্যে নোয়াখালী জেলায় ১৬ প্লাটুন এবং লক্ষ্মীপুর জেলায় ১০ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকেই বিজিবি সদস্যরা তাদের নির্দিষ্ট এলাকায় মোতায়েন কার্যক্রম শুরু করেছেন। বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলায় তারা কাজ করছেন।

মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে অস্থায়ী বেইজ ক্যাম্পে অবস্থান করছেন। তারা নির্বাচনী এলাকাগুলোতে গুরুত্বপূর্ণ স্থানে শক্তিশালী টহল (রোবাস্ট পেট্রোলিং), অস্থায়ী চেকপোস্ট স্থাপন এবং তল্লাশি কার্যক্রম পরিচালনা করবেন। ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে ভোটকেন্দ্রের আশপাশে নিয়মিত টহল জোরদার করা হবে।

বিজিবি মোতায়েনের সিদ্ধান্তে স্থানীয় ভোটারদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সাধারণ মানুষ আশা করছেন, বিজিবি ও অন্যান্য বাহিনীর উপস্থিতিতে এবার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় জনগণের আস্থা অর্জনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করা হবে। পাশাপাশি সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও চোরাচালান প্রতিরোধে কার্যক্রম জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, নোয়াখালী-৬ (হাতিয়া) দ্বীপ এলাকা হওয়ায় সেখানে নির্বাচনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কোস্টগার্ড বা নৌবাহিনী দায়িত্ব পালন করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button