

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের আকাশসীমায় উত্তেজনার মধ্যে শুক্রবার আবারও যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। পারস্য সাগরের হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের ‘এ-১০ ওয়ার্থগ’ (A-10 Warthog) মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়।
এর আগে একই দিনে ইরানের মধ্যাঞ্চলে মার্কিন বাহিনীর একটি ‘এফ-১৫’ (F-15) যুদ্ধবিমান ভূপাতিত করার খবর পাওয়া যায়।
সংবাদমাধ্যম আনাদোলু জানায়, এফ-১৫ বিমানটিতে থাকা দুইজন ক্রুয়ের মধ্যে একজনকে উদ্ধার করা সম্ভব হলেও অন্যজন এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ক্রু-কে উদ্ধারে মার্কিন স্পেশাল ফোর্সের সদস্যরা ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে। অন্যদিকে, হরমুজ প্রণালির কাছে আছড়ে পড়া এ-১০ বিমানের একমাত্র পাইলটকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভেট সিএনএন-কে জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই পরিস্থিতির বিষয়ে বিস্তারিত অবহিত করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, হরমুজ প্রণালিতে কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযান চালানোর সময় এ-১০ বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান এই সামরিক উত্তেজনা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ছে।




