

মোঃ পাপেল মিয়া, গাজীপুর: গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন ভরান গার্লস স্কুল রোড এলাকায় ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত ব্যক্তি হলেন মোঃ ফারুক (৩০)। তিনি মধ্য আরিচপুর (গার্লস স্কুল রোড, আলম ভিলা) এলাকার কামাল হোসেনের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী অঙ্কিতা ঘোষ অথৈ (১২) তার মা অনিকা রানী দাসের সাথে ভরান গার্লস স্কুল রোডের একটি ভবনের নিচতলায় ভাড়া থাকেন। অভিযুক্ত ফারুক একই ভবনের নিচতলায় বেকারি পণ্যের ব্যবসা করতেন। ব্যবসার সুবাদে ফারুক দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিলেন। এমনকি কিশোরীর ব্যবহৃত হোয়াটসঅ্যাপ নম্বরে অশালীন বার্তা ও নিজের বিবস্ত্র ছবি পাঠিয়ে তাকে হয়রানি করতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গত ১ নভেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে ফারুক কিশোরীর ঘরে প্রবেশ করে তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। এসময় ধস্তাধস্তিতে কিশোরীর পোশাক ছিঁড়ে যায়। পরে কিশোরীর চিৎকারে পাশের কক্ষ থেকে তার মা এগিয়ে এলে অভিযুক্ত ফারুক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ভুক্তভোগীর পরিবার জানায়, ঘটনার পর কিশোরী মানসিকভাবে ভেঙে পড়লে তাকে গত ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ভুক্তভোগীর মা অসুস্থ থাকা এবং লোকলজ্জার ভয়ে পারিবারিকভাবে আলোচনার কারণে থানায় মামলা করতে কিছুটা বিলম্ব হয়েছে।
টঙ্গী পূর্ব থানা পুলিশ জানিয়েছে, শিশু আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্ত ফারুককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




