ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ | ১০ জানুয়ারি ২০২৬

কিশোরগঞ্জের কটিয়াদীতে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে মো. বজলুর রহমান (৬০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার চাঁনপুর ইউনিয়নের পশ্চিম মন্ডলভোগ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত বজলুর রহমানের সাথে তার ছেলে অটোরিকশাচালক জুবায়েরের (২৫) পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। তর্কের একপর্যায়ে জুবায়ের উত্তেজিত হয়ে নিজের বাবাকে ছুরিকাঘাত করেন এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

রক্তাক্ত অবস্থায় স্বজন ও স্থানীয়রা বজলুর রহমানকে উদ্ধার করে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চাঁনপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল হক উজ্জ্বল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তুচ্ছ বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে ঝগড়া শুরু হয়েছিল। রাগের মাথায় ছেলে এই কাণ্ড ঘটিয়ে আত্মগোপন করেছে।

খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কলহ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘাতক জুবায়েরকে ধরতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button