চট্টগ্রামে প্রথমবার ‘মেয়র শিক্ষাবৃত্তি’ পরীক্ষা আজ: অংশ নিচ্ছে ৩৫৩৭ শিক্ষার্থী

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন কর্তৃক প্রবর্তিত ‘মেয়র শিক্ষাবৃত্তি-২০২৫’ এর পরীক্ষা আগামীকাল (১০ জানুয়ারি) শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইতোমধ্যে পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল ১০ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর তিনটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্রগুলো হলো- নগরীর কোতোয়ালী থানাধীন অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও আগ্রাবাদ চৌমুহীন এলাকার ‘পাঠানটুলী খান সাহেব সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়।

প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া মেয়র শিক্ষাবৃত্তি পরীক্ষায় চসিকের ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানসহ নগরীর ১২৪টি বিদ্যালয়ের দুই শ্রেণীর ৩,৫৩৭ জন ছাত্রছাত্রী অংশ নিচ্ছে। এর মধ্যে ৬ষ্ঠ শ্রেণিতে ১ হাজার ৭৭৫ ও ৭ম শ্রেণিতে ১ হাজার ৭৬২ জন।

বৃত্তি আয়োজন সংক্রান্ত এক সমন্বয় আজ শুক্রবার সভা সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে পরীক্ষা পরিচালনা কমিটির যুগ্ম-আহবায়ক ও পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যক্ষ আবু তালেব বেলাল ও পরিচালনা কমিটির কো-অর্ডিনেটর আবু মোশাররফ রাসেল সার্বিক প্রস্তুতি সম্পর্কে সবাইকে অবহিত করেন। প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব রোমা বড়ুয়া, পাঠানটুলী খান সাহেব সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব আখতার হোসেন এবং অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক, কেন্দ্র সচিব মিনহাজুল ইসলাম প্রমুখ।

পরীক্ষা সংক্রান্ত বিশেষ নির্দেশনায় জানানো হয়, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ১ ঘণ্টা আগে প্রবেশপত্রে উল্লেখিত নিজ নিজ কেন্দ্রে পৌঁছাতে হবে। প্রতিটি কেন্দ্রের প্রবেশমুখে বড় ব্যানারে আসন বিন্যাসের তালিকা থাকবে, সেখান থেকে কক্ষ নম্বর জেনে প্রবেশ করতে হবে। পরীক্ষায় কোনো ধরনের মোবাইল ফোন আনা যাবে না।

প্রবেশপত্র, প্রয়োজনীয় কলম সঙ্গে আনতে হবে, সাধারণ ক্যালকুলেটর আনা যাবে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও বৃত্তি পরিচালনা কমিটির কর্মকর্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button