মীরসরাইয়ে বিএসআরএম কারখানায় বিস্ফোরণ, আহত ৭ শ্রমিক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের মীরসরাইয়ে বিএসআরএম কারখানায় স্লাগ বিস্ফোরণে সাতজন শ্রমিক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় অবস্থিত বিএসআরএম স্টিল মিল-২ সেকশনে এই দুর্ঘটনা ঘটে।

আহত শ্রমিকরা হলেন— আব্দুল হামিদ (২৮), ইসমাইল (৪০), ফয়সাল (২৯), সাকিব (১৯), শহিদুল (২৬), সাইফা (১৯) ও আরমান (২৯)।

দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুবায়ের হোসেন তারেক জানান, আহতদের চোখে-মুখে ময়লা ঢুকে যাওয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। এর মধ্যে গুরুতর অবস্থায় আব্দুল হামিদকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।

শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএসআরএম কারখানার স্টিল মিল-২ সেকশনে ময়লার স্লাগ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বিস্ফোরণের বিষয়ে সোনাপাহাড় বিএসআরএম কারখানার প্রশাসনিক ম্যানেজার দেলোয়ার হোসেন মোল্লা বড় কোনো দুর্ঘটনার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, “কারখানার দুই নম্বর গেটে একটি ময়লার স্লাগে সামান্য আগুন ধরেছিল। কোনো বড় বিস্ফোরণ বা অগ্নিকাণ্ড ঘটেনি। আমাদের নিজস্ব ব্যবস্থায় আগুন নেভানো হয়েছে এবং শ্রমিকরা সামান্য আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button