

মোঃ পাপেল মিয়া, গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে নগরবাসীর বর্জ্য ব্যবস্থাপনায় গতি আনতে নবনির্মিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (ময়লা পরিবহনের ডাম্পিং স্টেশন) শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে টঙ্গীর শিলমুন এলাকায় এই আধুনিক স্টেশনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
নগরীর পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে এই সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনটি নির্মাণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এর মাধ্যমে ওয়ার্ডভিত্তিক বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত স্থানে দ্রুত ও কার্যকরভাবে স্থানান্তর করা সম্ভব হবে। ফলে যত্রতত্র ময়লা পড়ে থাকার ভোগান্তি থেকে মুক্তি পাবে নগরবাসী। আধুনিক এই স্টেশনটি নির্মাণে সার্বিক সহযোগিতা করেছে আকিজ বেকার্স লিমিটেড।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন কাউন্সিলর পদপ্রার্থী আয়ূব আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. সোহেল রানা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা। মোহাম্মদ আসাদুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা, আকিজ বেকার্স লিমিটেড। আরিফ হোসেন হাওলাদার, সহ-সভাপতি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল। প্রভাষক বশির উদ্দিন, আহ্বায়ক, পশ্চিম থানা বিএনপি। নাজমুল মন্ডল, সদস্য সচিব, টঙ্গী পূর্ব থানা যুবদল।
এছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উদ্বোধন শেষে সিটি প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, “পরিচ্ছন্ন গাজীপুর গড়তে সিটি কর্পোরেশন বদ্ধপরিকর। তবে নগরকে সুন্দর রাখতে হলে নাগরিকদেরও সচেতন হতে হবে।” তিনি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলে পরিচ্ছন্নতা অভিযানে সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।




